করোনার প্রাদুর্ভাবের মধ্যে 'ফ্লুতে' ইরানের এমপির মৃত্যু
করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যে 'ফ্লুতে' আক্রান্ত হয়ে মারা গেলেন ইরানের সংসদ সদস্য মোহাম্মদ আলী রামাযানী দস্তক।
শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইন্ডিপেন্ডেন্ট।
ইরান-ইরাক যুদ্ধের সময় রাসায়নিক আঘাত ও ভাইরাসজনিত সর্দি জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে দাবি করা হচ্ছে।
মোহাম্মদ আলী রামাযানী গত সপ্তাহে আস্তানা আশরাফীহের প্রতিনিধি হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি শ্রম ও সমৃদ্ধি অধিদপ্তরে মহাব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৫৯৩ জন। তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে করোনায় আক্রান্ত হয়ে ২১০ জনের মৃত্যু হয়েছে। যদিও তেহরান ওই প্রতিবেদন অস্বীকার করেছে।
ঢাকা/জেনিস
রাইজিংবিডি.কম