‘বিশ্বাসঘাতকতার’ শিকার মাহাথির
মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, তিনি সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
পাকাতান-হারাপান জোটের অন্যতম নেতা আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বিরোধের জের ধরে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মাহাথির। মালয়েশিয়ার রাজার সঙ্গে বৈঠকে তিনি নতুন নির্বাচন দাবি করলে তা প্রত্যাখ্যাত হয়। রাজা সংখ্যাগরিষ্ঠ এমপিদের মতামত যাচাইয়ের ঘোষণা দেন। এরই মধ্যে শনিবার সকালে আনোয়ারের সঙ্গে সমঝোতা হয় মাহাথিরের এবং তিনি প্রধানমন্ত্রী পদে জোটের প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এর কয়েক ঘন্টার মাথায় মাহাথিরের দল প্রিবুমি বেরাসাতু মালয়েশিয়ার প্রেসিডেন্ট মুহিদ্দিনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন রাজা।
এ ঘটনায় শনিবার মাহাথির কোনো মন্তব্য করেননি।
তবে রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি বিশ্বাসঘাতকতার শিকার বলে অনুভব করছি, যার প্রায় পুরোটাই মুহিদ্দিনের মাধ্যমে। সে এর জন্য অনেক দিন ধরে কাজ করছিল এবং এখন সে সফল।’
এই অবস্থায় পাকাতান-হারাপান কী পদক্ষেপ নেবে জানতে চাইলে মাহাথির জানান, পার্লামেন্টের জরুরি অধিবেশন আহ্বান করবে জোট।
তিনি বলেন, ‘আমরা দেখব কার পক্ষে সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন আছে।’ জোট এখন বিরোধী দলের অবস্থানে থাকবে বলেও জানান ৯৪ বছর বয়সী এই রাজনীতিবিদ।
মুহিদ্দিনের সঙ্গে গড়া দল প্রিবুমি বেরাসাতু মালয়েশিয়ায় তার ভবিষ্যৎ কী জানতে চাইলে মাহাথির জানান, তাকে চেয়ারম্যান হিসেবে রাখা হবে নাকি বরখাস্ত করবে এটা দলের সিদ্ধান্ত।
তিনি বলেন, ‘এটা হওয়ার ছিল। কারণ সংখ্যাগরিষ্ঠই আমাকে চেয়ারম্যান হিসেবে প্রত্যাখ্যান করেছিল। তারা এখন আমাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করতে পারে।’
প্রধানমন্ত্রীত্ব থেকে সরে দাঁড়ানোয় কোনো অনুশোচনা হচ্ছে কিনা জানতে চাইলে মাহাথির বলেন, ‘এ ব্যাপারে আসলে আমার করার কিছু ছিল না। কারণ আমি দেখতে পাচ্ছিলাম উমনো’র (সাবেক ক্ষমতাসীন দল) সঙ্গে জোট করার চেষ্টা চলছে। এর মানে হচ্ছে, আমি যাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদেরকেই আমাকে মেনে নিতে হবে। এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। তবে এর জন্য মুহিদ্দিন প্রস্তুত ছিল।’
ঢাকা/শাহেদ
রাইজিংবিডি.কম