ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিশ্ব

বিশ্বায়নের যুগে প্রবেশের পর দেশে দেশে সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘটনা এটাই বোধ হয় প্রথম। সংক্রামক একটি ভাইরাসের কারণে গোটা বিশ্বের চিত্রই এখন বদলে গেছে। করোনাভাইরাস থেকে নিজেদের নাগরিকদের বাঁচাতে উন্নত থেকে অনুন্নত-অনেক দেশই এখন তাদের সীমান্ত বন্ধ করে দিচ্ছে।

শুক্রবার মধ্যরাত থেকে যুক্তরাজ্য ছাড়া বাকী ইউরোপের ২৬ দেশের জন্য নিজেদের দরজা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। একই দিন ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া প্রতিবেশী ভেনেজুয়েলার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

সৌদি আরব রোববার থেকে দুই সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। এর আগে দেশটি বিদেশিদের জন্য ওমরাহ পালনে স্থগিতাদেশ দিয়েছিল। জার্মানি ও অস্ট্রিয়ার সঙ্গে ইতোমধ্যে সীমান্ত বন্ধ করে দিয়েছে চেক প্রজাতন্ত্র। এছাড়া যেসব দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেসব দেশ থেকে আসা লোকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রাগ। স্থল, নৌ, আকাশ সব সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ডেনমার্ক। নরওয়ের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে রাশিয়া। ১৭ এপ্রিল পর্যন্ত ৯ ইউরোপীয় দেশের সঙ্গে সব ফ্লাইট স্থগিত করেছে তুরস্ক।

চীনের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে ভিয়েতনাম। অবশ্য শুধু ভিয়েতনাম নয়, বিশ্বের প্রায় সব দেশই করোনাভাইরাস প্রাদুর্ভূত চীন, দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালি থেকে আসা লোকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অর্থাৎ এই দেশগুলো কার্যত পুরো বিশ্ব থেকে এখন বিচ্ছিন্ন। কূটনৈতিক, সরকারি কর্মকর্তা বা চাকরিরতদের ছাড়া শুক্রবার থেকে ভারত সব বিদেশির ভিসা দেওয়া স্থগিত করেছে। একই পথে হেঁটেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।

সীমান্ত বন্ধ না করলেও ইউরোপ,ব্রিটেন ও আয়ারল্যান্ড থেকে যাওয়া পর্যটকদের জন্য বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনের আদেশি জারি করেছে তাইওয়ান। নিউ জিল্যান্ড এ ক্ষেত্রে কোনো বাছবিচার করেনি। দেশটি সব বিদেশির ওপর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য সীমান্ত বন্ধ পদক্ষেপের সমালোচনা করেছে।

সংস্থাটি বলেছে, সাধারণভাবে প্রমাণ পাওয়া গেছে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতিতে মানুষ ও পণ্যের চলাচলে নিষেধাজ্ঞা অধিকাংশ ক্ষেত্রে অকার্যকর।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়