লকডাউন ভাঙায় বাধা দেওয়ায় কেটে নেওয়া হলো পুলিশের হাত
লকডাউন ভাঙায় বাধা দেওয়ায় তলোয়ারের কোপে পুলিশ কর্মকর্তার হাতের কবজি কেটে দেওয়ার ঘটনা ঘটেছে ভারতে। রোববার পাঞ্জাবের পটিয়ালায় এ ঘটনা ঘটেছে।
পাঞ্জাব পুলিশ জানিয়েছে, রোববার সকালে পটিয়ালার সবজি বাজার বন্ধ করার জন্য গিয়েছিলেন পুলিশ সদস্যরা। ওই দলে ছিলেন পুলিশের সহকারি উপ-পরিদর্শক হরজিৎ সিংহ। তার ওপর তলোয়ার নিয়ে চড়াও হয় হামলাকারীদের এক জন। এসময় রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।
ঘটনার সময় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বাজারে গার্ড রেল দিয়ে ঘিরছিল পুলিশ। ওই সময় একটি গাড়ি গার্ড রেল ধাক্কা মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশকর্মীরা যখন ওই গাড়িটিকে আটকানোর চেষ্টা করছেন ঠিক সেই সময়েই হরজিৎ সিংহের দিকে তলোয়ার উঁচিয়ে তেড়ে আসেন এক ব্যক্তি। তার হাতে কোপ বসায় ওই ব্যক্তি। হামলার জেরে আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য। ওই হামলকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পাঞ্জাব পুলিশের ডিজিপি দিনকর গুপ্ত টুইটে লিখেছেন, ‘আজ সকালে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, পটিয়ালার সবজি মান্ডি এলাকায় এক দল নিহং (সশস্ত্র শিখ) কয়েক জন পুলিশ কর্মকর্তাকে জখম করে। এএসআই হরজিৎ সিংহ, যার হাত কেটে নেওয়া হয়েছে তাকে চন্ডিগড়ের পিজিআই-তে ভর্তি করা হয়েছে।’
পাঞ্জাব পুলিশ জানিয়ে, হরজিতের কেটে দেওয়া হাত জোড়া লাগাতে চন্ডিগড়ের ওই হাসপাতালের সেরা প্লাস্টিক সার্জনরা কাজ করছেন।
ঢাকা/শাহেদ
রাইজিংবিডি.কম