ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

'পাইলট নিয়োগে দুর্নীতি হয়নি'

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১১, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
'পাইলট নিয়োগে দুর্নীতি হয়নি'

নিজস্ব প্রতিবেদক: বিমানে পাইলট নিয়োগে কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন সাবেক নিয়োগ কমিটির সদস্য ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও প্রধান নির্বাহী ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল। দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে মনে করছেন তিনি।

সোমবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ৯টায় তিনি দুদকের প্রধান কার্যালয়ে আসেন। এরপর সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক সাইফুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

ফারহাত হাসান জামিল আরো বলেন, ‘দুদকে অন্য কেউ অভিযোগ করছে, যার কারণে তলব করছে। দুদক তদন্ত করছে, দেখা যাক কী হয়।’

পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে আজ বিমানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বিনীত সুধ, পরিচালক প্লানিং মাহবুব জামান খান, পরিচালক মার্কেটিং মো. আশরাফুল ইসলামেরও জিজ্ঞাসাবাদ শেষ করছে দুদক। তবে তারা কোনো বক্তব্য দেয়নি।

এছাড়া বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন ফজল মাহমুদকে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও রিপোর্ট লেখা পর্যন্ত হাজির হননি তিনি।

বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল মুনীম মুসাদ্দিক আহমেদসহ মোট ১০ জনকে তলব করে দুদক। তাদেরকে গত ২৩ জুলাই তলব করে চিঠি দেওয়া হয়েছিলো।

একই ঘটনায় ২৮ জুলাই বিমানের তিন পরিচালকসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

অভিযোগের বিষয়ে দুদক জানায়, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঘুষ নিয়ে ক্যাডেট পাইলট নিয়োগসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এর আগে গত ২ মে বিমানের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মুসাদ্দিক আহমেদসহ ১০ জনকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় দুদক।


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৯/এম এ রহমান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়