ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে রুল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪০, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে রুল

নিজস্ব প্রতিবেদক : দেশের সব আদালতের বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালত বলেন, ‘কুমিল্লা আদালতে বিচারকের সামনে একজনকে হত্যার ঘটনায় আমরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এর আগে নেত্রকোনার আদালতে দুইজন বিচারককে হত্যা করা হয়েছিল। আবার গাজীপুরে আদালতেও হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। এ কারণে আমরা বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে রুল জারি করছি।’

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

গত ১৬ জুলাই আদালত অঙ্গন ও বিচারকদের যথাযথ নিরাপত্তা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

এক বিচারকের স্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট দায়ের করেন।

গত ১৫ জুলাই কুমিল্লা আদালতে হত্যা মামলার এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাতে হত্যা করে। কুমিল্লার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ফারুক হোসেন (২৭)। অভিযুক্ত আবুল হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তারা মামাতো-ফুফাতো ভাই।


রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৯/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়