স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করবে পুলিশ
জ্যেষ্ঠ প্রতিবেদক: স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। এ বিষয়ে জেলার এসপিসহ সব রেঞ্জ ডিআইজিকে ঢাকায় ডেকে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ চলছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। নিয়োগে যে কোনো প্রকার দুর্নীতি রোধ করতে জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত সংশ্লিষ্ট বিধিমালা ও পুলিশ সদরদপ্তরের নির্দেশ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। প্রতারক ও দালাল চক্রের অপতৎপরতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশ সদরদপ্তরের নির্দেশে সব জেলায় ব্যাপক প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। কনস্টেবল নিয়োগে কোন প্রকার আর্থিক লেনদেন বা অবৈধ পন্থা অবলম্বন থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। কারো বিরুদ্ধে আর্থিক লেনদেন বা অবৈধ পন্থা অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে যে কোন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতি জেলায় নিয়োগ কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের একটি ইনটেলিজেন্স টিম কাজ করছে।
সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি দল ও গোয়েন্দা দলের মতামত এবং পরামর্শের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কনস্টেবল পদে নিয়োগে জেলার যে কোন পদমর্যাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরণের অভিযোগ পাওয়া গেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/মাকসুদ/শাহনেওয়াজ
রাইজিংবিডি.কম