ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘অনুকূল পরিবেশ পেলে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অনুকূল পরিবেশ পেলে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, অনুকূল পরিবেশ পেলে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তাই হলি আর্টিজানের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে লক্ষ্যে কাজ করছে পুলিশ।

সোমবার গুলশানের হলি আর্টিজানে হামলার তিন বছর উপলক্ষে নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনিরুল ইসলাম এসব কথা বলেন।

গুলশান হামলার তিন বছর পর বাংলাদেশে জঙ্গিদের বর্তমান অবস্থা জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, জঙ্গিদের সাংগঠনিক কাঠামো আমরা বিভিন্ন অভিযানে ভেঙ্গে দিয়েছি। জঙ্গি দমন করলেও তাদের মতাদর্শে বিশ্বাস করে কিংবা উগ্রবাদ বা জঙ্গিবাদে উদ্বুদ্ধ ব্যক্তি এখনো সমাজে রয়েছে। তারা অনুকূল পরিবেশ পেলে মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করতে পারে।

মনিরুল ইসলাম আরো বলেন, বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনায় বড় ধরনের হামলার কোনো আশঙ্কা নেই। ছোট খাট হামলাও যেন না ঘটে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে কখনো কখনো জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করে। কিন্তু সেটা যাতে না পারে সেজন্য আইনি প্রক্রিয়ার পাশাপাশি নাগরিক উদ্যোগ অব্যাহত রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গি হামলা ঠেকানো যাবে।

সিরিয়ায় ইসলামিক স্টেটে (আইএস) যেসব বাংলাদেশীরা যোগ দিয়েছিলো তাদের বিষয়ে মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশী বংশোদ্ভূত যারা সিরিয়ায় গিয়েছিলো তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন। তবে বাংলাদেশ থেকে কিংবা অন্যান্য দেশ থেকে বাংলাদেশী বংশোদ্ভূত যারা সে দেশে গিয়েছেন, তাদের অনেকেই নিহত হয়েছেন। জীবিতদের কেউ দেশে ফেরত আসতে চাইলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এজন্য ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট সব জায়গায় আমরা তৎপর।

গুলশান হামলায় জড়িতদের বিচার হলে নিহতদের পরিবার একটু হলেও মানসিক শান্তনা পাবেন উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, ওই দিনের নৃশংস জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্যসহ ২২ জন নিহত হয়েছেন। প্রথমেই নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের পরিবার সেই শোক কাটিয়ে উঠুক এ কামনা করছি। এ হামলার সঙ্গে নব্য জেএমবির যারা জড়িত ছিলেন তাদের সবাই হয়তো বিভিন্ন অভিযানে নিহত হয়েছেন, নয়তো গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন। এর বিচার কাজ চলছে, আমরা আশা করছি দ্রুত বিচার কাজ শেষ হবে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে নিহতের পরিবার একটু হলেও মানসিক শান্ত্বনা পাবেন।

এ সময় মনিরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা হলি আর্টিজান বেকারিতে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে গুলশান পুরাতন থানার সামনে হলি আর্টিজান জঙ্গি হামলায় শহীদ দুই পুলিশ কর্মকর্তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৯/নূর/লাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়