ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কমলাপুরে সেই চেনা ভিড়

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কমলাপুরে সেই চেনা ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক : কোরবানির ঈদ উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। 

মঙ্গলবার দেয়া হচ্ছে ৮ আগস্টের টিকিট। এ দিনের অগ্রিম টিকিট নেয়ার চাহিদা বেশি, তাই কমলাপুর রেলস্টেশনেও টিকিট প্রত্যাশীদের চাপ বেশি। 

আজ সকাল ৯টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিট বিক্রি শুরু হলেও গতকাল রাত থেকে স্টেশনে লাইনে দাঁড়ায় টিকিট প্রত্যাশীরা। সকাল থেকে অসংখ্য মানুষ দীর্ঘলাইনে অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত টিকিটের জন্য। টিকিট কাউন্টারের সামনে থেকে শুরু হয়ে সড়কের কাছাকাছি চলে গেছে লাইন। 

এদিকে সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে। কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক জুয়েল জানান, মঙ্গলবার বিক্রি করা হচ্ছে ৮ আগস্টের টিকিট। গতকালের চেয়ে আজ চাপ বেশি। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারছেন। 

তিনি আরো জানান, ঈদের সময় মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন মিলিয়ে প্রতিদিন ৫৯ হাজার ৬৭৭টি টিকিট বিক্রি করা হবে। বুধবার (৩১ জুলাই) বিক্রি হবে ৯ আগস্টের টিকিট। ১ আগস্ট বিক্রি হবে ১০ আগস্টের টিকিট ও ২ আগস্ট বিক্রি হবে ১১ আগস্টের টিকিট। 

ঈদুল ফিতরের মতো এবারও রাজধানী ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন। 

কমলাপুরের মতো এসব স্টেশনেও প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলের টিকিট বিক্রি করা হচ্ছে। তবে ধীরগতিতে টিকিট বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। 

যাত্রীরা বলছেন, একটি টিকিট দিতে প্রায় ৮-১০ মিনিট সময় লাগছে। ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর প্রথম দিন সোমবার দেয়া হয়েছে ৭ আগস্টের অগ্রিম টিকিট। ৩৪টি আন্তঃনগর ট্রেনের মোট ২৫ হাজার ৮৯৪টি টিকিটের মধ্যে ১০ হাজার ৬৭০টি অ্যাপস এবং বাকি টিকিট কাউন্টার থেকে বিক্রির জন্য ছাড়া হয়। 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/হাসান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়