ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘২০২১ সালের জুনের মধ্যে পদ্মা সেতু খুলে দেয়া হবে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০০, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘২০২১ সালের জুনের মধ্যে পদ্মা সেতু খুলে দেয়া হবে’

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২১ সালের জুনের মধ্যেই  পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করবে।

বৃহস্পতিবার সচিবালয়ে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সরকারের ঋণ পরিশোধের জন্য অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘মূল সেতুর বাস্তবায়ন কাজের অগ্রগতি ৮৩ শতাংশ, নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৬২ শতাংশ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মূল সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩২টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। বাকি ১১টি পিলারের কাজ চলছে। রেলওয়ের জন্য মোট ২৯৫৯ স্লাব প্রয়োজন হবে। এর মধ্যে ২৭৫৪টি স্লাব তৈরির কাজ শেষ হয়েছে।’

নদী শাসনের কাজের অগ্রগতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নদী শাসনের কাজের অগ্রগতি ৬২ শতাংশ সম্পন্ন হয়েছে। নদী শাসনের মোট ১৪ কিলোমিটারের মধ্যে ৬ দশমিক ৬০ কিলোমিটারের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। ফলে সেতু উদ্বোধনের যে সময় আমরা নির্ধারণ করেছি, সে সময়ের মধ্যেই সেতুটি উদ্বোধন করা সম্ভব হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০২০ সালের ডিসেম্বরের শেষ নাগাদ পদ্মা সেতু উদ্বোধন করা গেলেও যান চলাচল স্বাভাবিক হতে ২০২১ সালের জুন পর্যন্ত সময় লেগে যেতে পারে।’


রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়