কক্সবাজারে এনামুলের সেঞ্চুরি
তৃতীয় রাউন্ডের প্রথম দিনেই সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক বিজয়। ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে আজ সেঞ্চুরি করেছেন খুলনা বিভাগের উদ্বোধনী এ ব্যাটসম্যান।
কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডে রাজশাহী বিভাগের মুখোমুখি হয়েছে খুলনা বিভাগ। টস জিতে আগে ব্যাট করতে নেমে এনামুলের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে দ্বিতীয় রাউন্ডে জয় পাওয়া খুলনা।
আগে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা বিভাগ। সেখান থেকে খুলনাকে টেনে তোলার দায়িত্ব নেন দলটির ওপেনার এনামুল হক বিজয়। তুষার ইমরানের সঙ্গে ১৬৬ রানের দুর্দান্ত এক জুটিতে দলকে নিরাপদ জায়গায় নিয়ে যান এনামুল। এ জুটি গড়ার পথে ব্যক্তিগত ৫৫ রান করে আউট হয়েছেন তুষার ইমরান। তুষার ফিরলেও সেঞ্চুরি করে দলকে আরও এগিয়ে নেন এনামুল।
১৯৫ বলে ৮ চার ও ৫টি ছক্কায় সেঞ্চুরি পূরন করেন এনামুল হক। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার ১৯তম সেঞ্চুরি। প্রথম স্তরে এক জয় ও এক ড্রয়ে ১৩.৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এনামুলের দল খুলনা বিভাগ। তৃতীয় রাউন্ডেও জয়ে চোখ রেখে লড়ছে দলটি।
ঢাকা/শামীম
রাইজিংবিডি.কম