‘খালেদার ওপর ৯০ ভাগ মানুষ আস্থা রাখেন’
আরিফ সাওন: বিএনপি জনসমর্থিত দল, এ কথা উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ আস্থা রাখেন।
১ সেপ্টেম্বর বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে এই দলটি প্রতিষ্ঠা করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আততায়ীর গুলিতে তিনি নিহত হওয়ার পর বিএনপির হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। ১৯৯১ সালের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ২০০১ সালে আবার প্রধানমন্ত্রী হন তিনি। দুর্নীতির মামলায় বর্তমানে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন। তাকে ছাড়াই পালিত হবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুঠোফোনে এ প্রতিবেদকের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন সেলিমা রহমান। তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা কোথাও একত্রিত হলে, সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসী বা আওয়ামী সন্ত্রাসী হামলা করে। বর্তমান পুলিশ ও প্রশাসনশাসিত যে সরকার তারা বাংলাদেশে বিরাজনীতিকরণের চেষ্টা করছে। এত জনসমর্থন থাকা সত্বেও আমাদের নেতাকর্মীরা বেশিরভাগ আদালতের দরজায় বা জেলখানায় আছে। যারা বাইরে আছে তারাও নানা হয়রানির শিকার হচ্ছে।
সেলিমা রহমান বলেন, এসব নানা কারণে আমরা ঠিক ওইভাবে…, সংগঠিত হতে আমরা পারি, কিন্তু হতে দেয়া হচ্ছে না। আমাদের জনসভার অনুমতি নেই। মানববন্ধনও খুব কষ্ট করে করতে পারি। আমরা জায়গা পাই না, দুই-এক জায়গায় তাদের ইচ্ছে হলে অনুমতি দেয়।
বিএনপি এমন একটি দল যাকে জনগণ ভালোবাসে, এ দাবি করে দলটির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তারা সবাই তাকিয়ে আছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের দিকে। কারণ, তারা মনে করছেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। শুধু যে রাজনৈতিক নেতাকর্মীর ওপর অত্যাচার নির্যাতন করছে তা নয়; আজকে সাধারণ মানুষও বাঁচতে পারছে না।
সব ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে, উল্লেখ করে সেলিমা রহমান বলেন, যে ক্ষেত্রেই বলেন না কেন- সড়কে নৈরাজ্য, ডেঙ্গু, মহামারি, ধর্ষণ, খুন, শিশু নির্যাতন, মায়ের কোলেও শিশু নিরাপদ নয়। আমরা চেষ্টা করছি এ থেকে পরিত্রাণের। এত চেষ্টা করেও বিএনপিকে মারতে পারেনি, বরং বিএনপির সমর্থন আরো বেড়েছে। তাই আমরা আশা করি, কামিয়াব হবো।
রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/সাওন/রফিক/নাসিম
রাইজিংবিডি.কম