ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘টেস্টে ক্রিকেটার পাওয়া মুশকিল’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘টেস্টে ক্রিকেটার পাওয়া মুশকিল’

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর ফরম্যাট হল টেস্ট। ক্রিকেটের প্রাণও বলা যায়। যারা টেস্ট ক্রিকেটে ভালো, তারা অন্যান্য ফরম্যাটেও ভালো করে। কারণ, টেস্ট ক্রিকেট একজন খেলোয়াড়কে প্রকৃত খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে পারে। কিন্তু সময়ের পরিক্রমায় তরুণ ক্রিকেটাররা লংগার ভার্সনের প্রতি আগ্রহ হারাচ্ছে। এই ফরম্যাটে ক্রিকেটার পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। বাংলাদেশেও এটার ব্যতিক্রম হচ্ছে না। বিষয়টা স্বীকার করেছেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও।

এ বিষয়ে আজ তিনি বলেছেন, ‘এই ফরম্যাটে আমাদের বিপিএল ছাড়া কোনো খেলা নেই। এখানে ক্রিকেটার পাওয়া একটু মুশকিল। এখানে কঠোর পরিশ্রম করতে হবে। দেশীয় ক্রিকেটারদের নিয়ে টি-টুয়েন্টি আসরের পরিকল্পনা চলছে। এটা শুরু হয়ে গেলে আশা করি কিছু ভালো ক্রিকেটার পাব। আমাদের এই যে কাজ শুরু হল এটা টি-টুয়েন্টি নিয়ে ফোকাস হবে না শুধু। সবচেয়ে আগে কিন্তু টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটের পরে ওয়ানডে, শেষে টি-টোয়েন্টি। লংগার ভার্সনের ক্রিকেটে ভালো ক্রিকেট খেলতে পারলে কিন্তু সব ফরম্যাটে ভালো ক্রিকেট খেলা যায়।’    

নতুনভাবে দায়িত্ব নেওয়ার পর নির্বাচক কমিটি বেশ কিছু কার্যক্রম হাতে নিয়ে আগাচ্ছে। তার মধ্যে বোলারদের ক্যাম্পের বিষয়টিও রয়েছে। সে বিষয়ে নান্নু বলেছেন, ‘আমরা ১৫-১৬ জন ফাস্ট বোলারের একটা তালিকা করেছি। এদের নিয়ে আমরা ক্যাম্প শুরু করতে যাচ্ছি। যেহেতু চাম্পাকা আমাদের গ্রুপে আছে। এখন থেকেই যত্ন নেওয়া শুরু হবে। এটা ইদের পরেই আমরা শুরু করব। সাথে স্পিন বোলিংয়ের একটা ক্যাম্প করার চিন্তা করছি। একদম ‘র’ ক্রিকেটার তুলে এনে যেন যত্ন নেওয়া যায়। এটার সুফল ছয় মাস থেকে এক বছরের মধ্যে পাওয়া যাবে বলে মনে করছি।’

বয়সভিত্তিক ক্রিকেটও তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে, ‘এই প্ল্যাটফর্মে সবাই আছে। এখন কিন্তু প্রায় ৬০ জন ক্রিকেটার খেলা নিয়ে ব্যস্ত আছে। এতগুলো ক্রিকেটারকে এক মাসের মধ্যে এক করা আগে কখনোই হয়নি। এটা ভালো লক্ষণ। ইদের পর দেখবেন বয়সভিত্তিক দলগুলোও খেলার সুযোগ পাচ্ছে। এখান থেকে ফিডব্যাক পাচ্ছি আমরা। চারদিক থেকে প্লেয়ার নিয়ে একটা জায়গায় আমরা দাঁড়াতে পারব বলে আশা করছি।’


রাইজিংবিডি/ঢাকা/২৮ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়