ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘দুঃসময় কাটিয়ে উঠছে শ্রীলঙ্কা’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২২, ৩০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দুঃসময় কাটিয়ে উঠছে শ্রীলঙ্কা’

ক্রীড়া প্রতিবেদক: কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনের বিদায়ের পর পথ ভুলেছিল শ্রীলঙ্কা।  তিলকারত্নে দিলশানও বেশিদিন খেলা চালিয়ে যেতে পারেননি।  অ্যাঞ্জেলো ম্যাথুউস ছিলেন। কিন্ত ইনজুরি তাকে এতোটাই ভুগিয়েছিল যে খেলা ছাড়ার সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন ডানহাতি পেস অলরাউন্ডার।

প্রায় নেতৃত্বশূণ্য হয়ে পড়েছিল সিংহের দল।  দিনেশ চান্দিমাল কিংবা উপল থারাঙ্গা কেউই ভালোর পথে এগিয়ে নিতে পারছিলেন না দলকে।  টেস্ট ক্রিকেটের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে তাদের অবস্থা ছিল সংকটাপন্ন।  আন্তর্জাতিক ক্রিকেটে ওমন দুঃসময় কাটিয়ে উঠছে শ্রীলঙ্কা।  দলের তরুণ তুর্কী আভিসকা ফার্নান্দো বিশ্বাস করেন, শ্রীলঙ্কা ক্রিকেট দল নতুন করে জাগতে শুরু করেছে।  খারাপ সময় কাটিয়ে ফিরছে নিজেদের চিরচেনা পথে।

ইংল্যান্ড বিশ্বকাপে শ্রীলঙ্কা নিজেদের মেলে ধরেছিল সামর্থ্য অনুযায়ী। কিন্তু বিশ্বকাপের পর ঘরের মাঠে সিংহের হুংকার টের পেয়েছে বাংলাদেশ।  ব্যাট-বলের দাপটে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে লঙ্কানরা।  শ্রীলঙ্কা যে আবার রাইট ট্র্যাকে ফিরেছে তার সবথেকে বড় বিজ্ঞাপন হতে পারে আভিসকা ফার্নান্দোর ভয়ডরহীন ক্রিকেট।  দ্বিতীয় ওয়ানডেতে ডানহাতি এ ওপেনার যেভাবে চড়াও হয়ে বাংলাদেশের বোলারদের কড়া শাসন করেছেন তাতে মুগ্ধ সবাই।  ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন।  সেঞ্চুরি না পাওয়ায় হতাশ।  কিন্তু দলের পারফরম্যান্সে দারুণ খুশি আভিসকা।

‘আমাদের দল খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। আমার মতে, দুঃসময় কাটিয়ে উঠছে শ্রীলঙ্কা।  দল এখন ঐক্যবদ্ধ।  প্রত্যেকে দিমুথকে সাপোর্ট করছি।  নতুন করে সাফল্যের পথে আমরা এগিয়ে যাচ্ছি।’

‘হ্যাঁ সেঞ্চুরির কাছে গিয়েও সেঞ্চুরি না পাওয়া হতাশার।  আপনি সব সময় সেঞ্চুরির সুযোগ পাবেন না।  যখন আপনি পাবেন সেগুলোকে কাউন্ট করতে হবে।  আশা করছি আমি আমার ভুল থেকে বের হয়ে আসতে পারব।’ – বলেছেন আভিসকা।

২১ বছর বয়সি এ ব্যাটসম্যান ১২ ওয়ানডেতে ১০০ স্ট্রাইক রেটে রান করেছেন ৪৩৭।  ১ সেঞ্চুরির সঙ্গে পেয়েছেন ২টি হাফ সেঞ্চুরি।  লঙ্কানদের নতুন দিনের নতুন তারকা হতে যাচ্ছেন আভিসকা।

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়