অবসর নিলেন রহস্যময় সেই বোলার
ক্রীড়া ডেস্ক : ২০০৮ সালে ক্রিকেট বিশ্বে হঠাৎ এক রহস্যময় বোলারের আবির্ভাব হল। যিনি ক্যারম বলের স্রষ্টা। তিন আঙ্গুলের মারপ্যাচে তৈরি তার সেই ঘূর্ণি বলের ম্যাজিক দেখল ক্রিকেট বিশ্ব। তাকে নিয়ে হৈচৈ পড়ে গেল। ক্রিকেটপ্রেমীদের আবেশিত করে রাখলেন ক্যারম বল দিয়ে। তিনি শ্রীলঙ্কার স্পিনার অজান্তা মেন্ডিস।
২০০৮ সালের এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে ৮ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ৬ উইকেট নিলেন। আর শ্রীলঙ্কাকে উপহার দিলেন এশিয়া কাপের শিরোপা। এরপর ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার। সেখানেও ভারতের ব্যাটিং লাইন-আপ একাই গুড়িয়ে দেন তিনি। মাত্র ৩ ম্যাচ খেলে নেন ২৮ উইকেট!
এরপর ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েন। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি টি-টোয়েন্টি দুইবার ৬ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন।
আস্তে আস্তে ব্যাটসম্যানরা তার ক্যারম বলের রহস্য উদঘাটন করতে শুরু করে। তার করা বিভিন্ন ভেরিয়েশনের বলগুলো পড়তে সক্ষম হয়। আর তাতে করে তার উইকেট প্রাপ্তির গ্রাফ নিম্নমুখী হতে থাকে।
সেই রহস্যময় বোলার অজান্তা মেন্ডিস আজ বুধবার অবসর ঘোষণা করেছেন। যিনি সবশেষ ২০১৫ সালে শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার শ্রীলঙ্কার হয়ে ১৯ টেস্ট খেলে ৭০ উইকেট, ৮৭ ওয়ানডেতে ১৫২ উইকেট ও ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬৬ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার হয়ে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন।
ক্রিকেটে তার রাজসিক আগমণ হয়েছিল। ধূমকেতুর মতো আলো ছড়িয়েছেন ক্রিকেটাকাশে। আর তার বিদায়টা হল নীরবে। কোনো আয়োজন নেই, উপলক্ষ্য নেই, নেই কোনো আদিখেতা। অবসর নিয়ে নিলেন!
ক্রিকেটে তো তিনি এলেন, খেললেন, জয় করলেন। অবশেষে বিদায়। অবসর সময় ভালো কাটুক ক্যারম বলের জনকের।
রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/আমিনুল
রাইজিংবিডি.কম