ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্টারের বিপক্ষেও অনিশ্চিত মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ২৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্টারের বিপক্ষেও অনিশ্চিত মেসি

চোটের কারণে মৌসুমের শুরু থেকে বার্সেলোনার জার্সিতে মাঠে দেখা যায়নি লিওনেল মেসিকে। চোট কাটিয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পান তিনি। তবে ওই ম্যাচে উরুতে চোট পাওয়ায় আগামী তিন ম্যাচে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইনজুরি থেকে ফেরার এক সপ্তাহের মাঝে আবারও চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বার্সা অধিনায়ক মেসি। ম্যাচ শেষে বার্সা কোচ  আর্নেস্তো ভালভার্দে জানিয়েছিলেন, মেসির চোট গুরুতর নয়, ঝুঁকি নিতে চাননি বলেই তাকে প্রথমার্ধের সময় বদলি করা হয়েছিল। তবে পরবর্তীতে পরীক্ষার পর জানা গেছে, উরুর ইনজুরির কারণে আরও বেশ কিছুদিন মাঠের বাইরে থাকা লাগতে পারে মেসিকে।

চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ড ও লিগে গ্রানাডার বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন মেসি। ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম একাদশে থাকলেও ৩০ মিনিটের মাথায় আবার নতুন করে চোট পান। সেই চোট নিয়ে প্রথমার্ধ পর্যন্ত খেলে গেছেন তিনি। বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে, উরুতে বেশ ভালোই টান লেগেছে তার।

চোটের কারণে লা লিগায় পরের ম্যাচে গেটাফের বিপক্ষে মেসিকে না পাওয়ার শঙ্কা আগেই তৈরি হয়েছিল। উরুর চোটের ফলাফলের পর স্প্যানিশ গনমাধ্যমগুলো জানাচ্ছে আগামী তিন ম্যাচে তাকে হারাতে পারে কাতালান ক্লাবটি। ফলে গেটাফের পর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে তাকে মাঠে মিস করতে পারে ভক্তরা।



ঢাকা/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়