আয়ারল্যান্ডকে হারিয়ে টেবিলের শীর্ষে কানাডা
আইসিসি মেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অভিজ্ঞ আয়ারল্যান্ডকে হারিয়েছে কানাডা। এ জয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি।
আবু ধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট ১৫৬ রান করে কানাডা। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৬ রানে থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস।
আগে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে ওপেনার রিজওয়ান চিমাকে হারায় কানাডা। এরপর ওয়ানডাউনে নেমে আরেক ওপেনার নাভনীত ধালওয়ালের সঙ্গে ১১১ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান নিতিশ কুমার। এ জুটি গড়ার পথে হাফ সেঞ্চুরির দেখা পান দুজনেই। দলের হয়ে ৫১ বলে ৩টি করে চার ও ছক্কায় ৬৯ রান করেন অধিনায়ক ধালিওয়াল। তার সঙ্গে ৩৫ বলে ৫৩ রানের ইনিংস খেলেন নিতিশ কুমার। বাকিদের মধ্যে আর কেউ বড় কোনো ইনিংস খেলতে না পারায় ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে সক্ষম হয় কানাডা।
১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বড় কোনো ইনিংস খেলতে পারেননি আয়ারল্যান্ডের ক্রিকেটারা। ৪৪ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। এরপর মিডলঅর্ডার ও টেলঅর্ডারের কোনো ব্যাটসম্যানও ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারেননি। ২৫ বলে সর্বোচ্চ ২৮ রান করে করে অপরাজিত ছিলেন স্টয়ার্ট থমসন। এছাড়া পল স্টার্লিং ২৩ ও হ্যারি টেকটরের ২২ ছাড়া আর কারো কাছ থেকে বড় কোনো ইনিংস না আসায় ৭ উইকেটে ১৪৬ রানে থেমে যায় আইরিশদের দৌড়।
কানাডার হয়ে রমেশ অ্যারেঙ্গা ও সাদ বিন জাফর দুটি করে উইকেট নেন।
এ জয়ে ৩ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে কানাডা। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ওমান। চার ম্যাচে চার পযেন্ট নিয়ে টেবিলের চারে আয়ারল্যান্ড।
ঢাকা/শামীম
রাইজিংবিডি.কম