ভিঞ্চ ঝড়ের পর মরগ্যান জেতালেন ইংল্যান্ডকে
জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করল ইংল্যান্ড। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটায় নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাটিং করে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৫৩ রান তোলে। জবাবে ভিঞ্চের ঝড়ের পর ম্যারগানের দায়িত্বশীল ইনিংসে হেসে খেলে জিতেছে ইংলিশরা।
লক্ষ্য তাড়ায় ১১ রানে সাজঘরে ফেরেন ওপেনার ডেভিড মালান। দ্বিতীয় উইকেটে জনি বেয়ারস্টোকে নিয়ে ৩১ রানের জুটি গড়েন জেমস ভিঞ্চ। দলীয় ৬৮ রানে আউট হন বেয়ারস্টো (৩৫)। নতুন সঙ্গী মরগ্যানকে নিয়ে ৫৪ রান যোগ করেন ভিঞ্চ। এ সময়ে হাফ সেঞ্চুরি তুলে নেন ডানহাতি ব্যাটসম্যান। দুজনের ব্যাটে জয়ের পথে ছিল ইংল্যান্ড। কিন্তু ভিঞ্চ হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি।
৩৮ বলে ৫৯ রান করে আউট হন মিচেল স্ট্যানারের বলে। ৭ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান। কিউইদের হয়ে ৩টি উইকেট নেন এ বাঁহাতি স্পিনার। জয়ের বাকি কাজ সারেন মরগ্যান ও স্যাম বিলিংস। মরগ্যান ২১ বলে ৩৪ ও বিলিং ১১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।
এর আগে রস টেলরের ৪৪, টিম সিফের্টের ৩২ ও ডার্লি মিচেলের ৩০ রানের লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে তাদের শুরুটা নড়বড়ে হলেও শেষটা ভালো করে স্বাগতিকরা। অভিজ্ঞ টেলর ও মিচেলের ব্যাটে ভালো পুঁজি পায় নিউজিল্যান্ড। টেলরের ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ১ ছক্কায়। মিচেল ১ চার ও ২ ছক্কা হাঁকিয়ে ছোট্ট ক্যামিও উপহার দেন।
ইংল্যান্ডের হয়ে ক্রিস জরদান ২টি ও স্যাম কুরান, আদিল রশিদ ও পিটার ব্রাউন ১টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা নির্বাচিত হন ভিঞ্চ।
৩ নভেম্বর ওয়েলিংটনে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
ঢাকা/ইয়াসিন
রাইজিংবিডি.কম