দিবা-রাত্রির টেস্টে প্রভাব ফেলবে শিশির : শচীন
ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে অংশ নিয়ে নতুন ইতিহাসে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। গোলাপি বলের এ টেস্টকে স্বাগত জানালেও শিশিরের প্রভাবে দুই দলের বোলারদের চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
ভারত সফরে তিনটি টি-টোয়েন্টিসহ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে দিবা-রাত্রির। আলোচিত ওই টেস্ট নিয়ে পিটিআইকে শচীন বলেছেন, ‘এমন উদ্যোগকে স্বাগত জানাতেই হয় যতক্ষণ না শিশির কোনো প্রভাব ফেলে।’
নভেম্বরের শীতের সন্ধ্যায় শিশির পড়াটাই স্বাভাবিক। তাই ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচীনের এমন মন্তব্য ও যৌক্তিক। বল সিক্ত থাকলে সমস্যাটা হবে বোলারদের। স্পিনার বা পেসার উভয়ের জন্যে কন্ডিশন হয়ে দাঁড়াবে চ্যালেঞ্জিং, ‘শিশির যদি ফ্যাক্টর হয়েই দাঁড়ায় তাহলে তা পেসার, স্পিনারদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। কারণ একবার বলটি ভেজা অবস্থায় থাকলে পেসার বা স্পিনার সেভাবে কিছু করতে পারবে না। তেমনটি হলে বোলাররা পরীক্ষার মুখে পড়বে। তবে শিশির না থাকলে সেটা হবে ভালো কিছু।’
শিশিরের প্রভাব থাকলে বোলাররা ভোগান্তির শিকার হলেও সুবিধা হবে ব্যাটসম্যানদেরই।। শচীন মনে করেন, ‘আমার মনে হয় এখানে কিন্তু শিশির বড় একটা ভূমিকা রাখবে। আমাদের দেখতে হবে তার পরিমাণটা কেমন। এই শিশিরই নির্ধারণ করে দেবে দুই দল কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করবে’।
আগামী ২২ নভেম্বর কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ঢাকা/শামীম
রাইজিংবিডি.কম