ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরও অনেক কিছু দেওয়ার আছে : মরগ্যান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরও অনেক কিছু দেওয়ার আছে : মরগ্যান

এউয়ন মরগ্যান হাত ধরে বিশ্বকাপের মুকুট পেয়েছে ইংল্যান্ড। ইংলিশদের বিশ্বকাপ জয়ের নেতা তিনি। এতোটুকুতেই থেমে যেতে চান না মরগ্যান। সাফ জানালেন দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু।

জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করেছে ইংল্যান্ড। প্রথম টি-টোয়েন্টিতে তারা স্বাগতিক দলকে হারিয়েছে ৭ উইকেটে। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন মরগ্যান। বলেছিলেন নতুন নেতৃত্বের কথা। বিশেষ করে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়কত্বে পরিবর্তনের কথা বলেছিলেন তিনি।

বিশ্বকাপের পর অ্যাশেজ সিরিজের চাপে আড়ালে যায় মরগ্যানের কথা। এবার মরগ্যান নিজের ইচ্ছার কথা জানালেন নিজেই। যে দায়িত্বে তিনি আছেন তা চালিয়ে যেতে চান নিজের জন্য, দলের জন্য। টেস্ট স্পেশালকে দেওয়া সাক্ষাৎকারে মরগ্যান বলেন,‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি খুশি। আমি উচ্ছ্বসিত এবং অনুভব করছি এটাই আমার জন্য এবং দলের জন্য সেরা সিদ্ধান্ত হয়েছে।’

‘আমি এখনও বিশ্বাস করি আমার আরও অনেক কিছু দেওয়ার আছে। আগামী বিশ্বকাপ পর্যন্ত অনায়েস খেলা চালিয়ে যেতে পারব। আমি কাউকে হতাশ করতে চাই না। তবে বিশ্বকাপ পর্যন্ত এ দলটাকে টেনে নিতে চাই এবং বিশ্বকাপের পর একটা সিদ্ধান্ত জানাতে চাই।’ – যোগ করেন মরগ্যান।

তবে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মরগ্যান নিজের ফিটনেস ধরে রাখতে পারবেন তো? প্রশ্ন উঠছে জোরেশোরে। বিশ্বকাপজয়ী অধিনায়ক বিশ্বাস করেন ফিটনেস নিয়ে যন্ত্রণা পোহাতে হবে না তাকে, ‘আমার ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কিভাবে ম্যাচে ফিরবো বা কিভাবে ক্রিকেট খেলবো তা নিয়ে অনেক কথা হচ্ছিল। কিন্তু আমি এখন পরিপূর্ণ সুস্থ আছি এবং নিজেকে সবদিক থেকে মানিয়ে নিতে পারছি। ফিটনেস কোনো ইস্যু হবে না।’


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়