ওয়ার্নারের ফিফটিতে শ্রীলঙ্কা ধবলধোলাই
শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ১৪৩ রানের টার্গেট ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। তাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় লঙ্কানরা।
আজ শুক্রবার সন্ধ্যায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কুশাল পেরেরার ৫৭ ও আভিষকা ফার্নান্দোর ২০ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বল হাতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন ও প্যাট কামিন্স ২টি করে উইকেট নেন।
১৪৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অ্যারোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার ৬৯ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। এই রানে অবশ্য লং অনে শিহান জয়সুরিয়ার হাতে ক্যাচ দিয়ে আউট হন ফিঞ্চ। ২৫ বল খেলে ১ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করে যান। ৮৫ রানে স্টিভেন স্মিথ ফিরেন ১৩ রান করে। ডিপ স্কয়ার লেগে লাকসান সান্দাকানের হাতে ক্যাচ দিয়ে নুয়ান প্রদীপের শিকারে পরিণত হন স্মিথ।
৯৯ রানে ফিরেন বেন ম্যাকডারমট। মালিঙ্গার বলে মাত্র ৫ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। এরপর অ্যাস্টন টার্নার ও ডেভিড ওয়ার্নার মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ওয়ার্নার ৫০ বল খেলে ৪টি চার ও ১ ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৫ বল খেলে ২ ছক্কায় ২২ রানে অপরাজিত থাকেন টার্নার।
ম্যাচসেরা হওয়ার পাশাপাশি সিরিজ সেরারও পুরস্কার পান ডেভিড ওয়ার্নার। পাবেন না কেন? তিনি যে ঈর্ষনীয় একটি সিরিজ খেলেছেন। প্রথম ম্যাচে করেন অপরাজিত ১০০ রান। পরের ম্যাচে করেন অপরাজিত ৬০ রান। আর আজ করেছেন অপরাজিত ৫৭ রান। পুরস্কার জেতার পাশাপাশি সমালোচকদের মুখ বন্ধ করতে আর কিছুর প্রয়োজন হয় কী?
ঢাকা/আমিনুল
রাইজিংবিডি.কম