ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাহমুদউল্লাহকে নিয়ে অনুশীলন, সাইফউদ্দিন গেলেন একা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৩০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাহমুদউল্লাহকে নিয়ে অনুশীলন, সাইফউদ্দিন গেলেন একা

ক্রীড়া প্রতিবেদক, বার্মিংহাম থেকে: ক্যামেরার ফ্ল্যাশ খুঁজে বেরাচ্ছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। ফুটেজ সংগ্রহে তৎপর ক্যামেরাপারসনরা।

আফগানিস্তান ম্যাচে কাফ মাসলে চোট পাওয়া মাহমুদউল্লাহ পাঁচদিন বিশ্রামের পর দলের প্রথম অনুশীলনে যান কিনা সেটা ছিল দেখার। এ পাঁচদিন পুরো দল ছুটিতে থাকলেও মাহমুদউল্লাহ ছিলেন বিশ্রামে।

রাইজিংবিডিকে শুক্রবার রাতে মাহমুদউল্লাহ নিশ্চিত করেছিলেন প্রথম অনুশীলনে থাকবেন। তেমনটাই হলো। রুবেল, মিথুন, সৌম্যরা টিম বাসে চড়ে বসার পর মাহমুদউল্লাহ বেরিয়ে আসেন হোটেল থেকে। হায়াত রিজেন্সির ঠিক সামনেই টিম বাস দাড়া করানো ছিল। টিম বাসে উঠতে তাকে বেশি হাঁটার প্রয়োজন হয়নি। কাঁধে ব্যাগ নিয়ে উঠে বসেন বাসে। তার ব্যাগ-ব্যাট-প্যাড টেনেছেন টিম বয় বুলবুল।

পুরো দলই এজবাস্টনের প্র্যাকটিস এরিয়াতে অনুশীলন করেছে। গতকাল রাতে পুরো দল রিপোর্টিং করেছে। সাইফউদ্দিন বাদে সবাই টিম বাসে গিয়েছেন অনুশীলনে। বাস মিস করে সাইফউদ্দিন একা গিয়েছেন আইসিসির নিজস্ব গাড়ীতে।

এজবাস্টনে ভারত-ইংল্যান্ডের ম্যাচ থাকায় বাংলাদেশের অনুশীলনে গণমাধ্যমের প্রবেশের সুযোগ ছিল না। বিসিবির পাঠানো ভিডিওতে দেখা যায়, শুরুতে গা গরমের পর খোলা নেটে নক করছেন মাহমুদউল্লাহ। পরবর্তীতে হয়তো ব্যাট-প্যাড নিয়ে নেটে ঢুকতেও পারেন এ ক্রিকেটার।

শুরুতে নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুশফিক, মিথুন ও তামিম। মাশরাফি, মুস্তাফিজ ও রুবেলকে বোলিং করতে দেখা গেছে শুরুতে। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুশীলন করার কথা রয়েছে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। আজ ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশ সমর্থণ করছে ভারতকে। ইংল্যান্ড ম্যাচ হারলে বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনা বাড়বে।

 

রাইজিংবিডি/বার্মিংহাম/৩০ জুন ২০১৯/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়